গঙ্গাসাগর মেলায় হেলিকপ্টার পরিষেবা, যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়ছে বার্জের সংখ্যা

আসন্ন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে আয়োজিত প্রশাসনিক বৈঠকে মেলার পরিবহণ ব্যবস্থা ও পুণ্যার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার সাধারণ তীর্থযাত্রীদের জন্য আকাশপথে যাতায়াতের বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। মেলায় আট থেকে দশটি হেলিকপ্টার ভাড়া নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। এর ফলে বয়স্ক মানুষ বা কম সময়ের জন্য আসা পুণ্যার্থীরা খুব সহজেই সকালে পৌঁছে পুজো দিয়ে দিনের দিনই ফিরে যেতে পারবেন। এই পরিষেবার জন্য আসনভিত্তিক টিকিট বুকিংয়ের ব্যবস্থা থাকবে, তবে টিকিটের মূল্য এখনও নির্ধারিত হয়নি।

মুড়িগঙ্গা নদী পারাপারের ক্ষেত্রে ভিড় ও ভোগান্তি কমাতে এবার বার্জের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। বিগত বছরগুলিতে যেখানে চার-পাঁচটি বার্জ চলত, সেখানে এবার ১৫ থেকে ২০টি বার্জ নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে যাত্রী পারাপারের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং ভিড়ের চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। পাশাপাশি, মুড়িগঙ্গায় ড্রেজিংয়ের মাধ্যমে তৈরি নতুন নৌ-চ্যানেলের রক্ষণাবেক্ষণ এবং লট নম্বর ৮-এ যাত্রীদের অপেক্ষার সুবিধার্থে অতিরিক্ত শেড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সড়কপথে নিরাপত্তা নিশ্চিত করতে ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশে অতিরিক্ত আলো বসানোর কাজ শুরু হবে। পুণ্যার্থীদের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাকে মাথায় রেখেই এই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য, ভিড়ের মধ্যেও যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এবং সামগ্রিক পরিষেবার মান উন্নত হয়। এই বিশেষ পরিষেবাগুলি নিয়ে প্রশাসনের তরফে ব্যাপক প্রচার চালানোরও পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *