বরানগরে তরুণী খুনের ঘটনায় ধৃতের জেরা, অনলাইন গেমের আড়ালে প্রতারণার চাঞ্চল্যকর তথ্য

বরানগরের শীতলামাতা লেনে ২৭ বছর বয়সি অঞ্জলি সাউ খুনের ঘটনায় ধৃত ধরমবীর কুমারকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কানপুরের বাসিন্দা ধরমবীর দিল্লিতে কাঠমিস্ত্রির কাজ করত। অনলাইন গেমিং অ্যাপে সে নিজেকে ‘নিক রাজপুত’ নামে পরিচয় দিত এবং অ্যাপের মাধ্যমে গলার স্বর বদলে অঞ্জলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। আসল পরিচয় গোপন রেখে সে নিজেকে রাজপুত্রের মতো উপস্থাপন করেছিল।

তদন্তকারীদের দাবি, মঙ্গলবার দুপুরে বরানগরে দিদির ফ্ল্যাটে অঞ্জলি যখন ধরমবীরের আসল রূপ দেখতে পান, তখন তাঁদের মধ্যে বচসা শুরু হয়। প্রতারণার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ধরমবীর অঞ্জলির মাথা দেওয়ালে সজোরে ঠুকে দেয়। এরপর তাকে মারধর করা হয় এবং ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। খুনের পর অঞ্জলির স্মার্টফোনটিও সে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অঞ্জলির পরিবারের কাছে ফোন ও মেসেজ আসতে শুরু করলে রহস্য দানা বাঁধে। বৃহস্পতিবার রাতে দিল্লির আনন্দবিহার স্টেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার পর শনিবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃত জেরায় বারবার বয়ান বদল করছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ধর্ষণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *