তুফানগঞ্জে তৃণমূল সমর্থকদের সামাজিক বয়কটের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের
কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে একাধিক পরিবারকে সামাজিক বয়কটের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বৃহস্পতিবার তুফানগঞ্জের মহকুমাশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারীদের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের চাষাবাদ বন্ধ করে দিয়েছে এবং বিভিন্নভাবে হেনস্থা করছে। বজরাপুরের বাসিন্দা সুধীরচন্দ্র বর্মনের অভিযোগ, অসুস্থ স্ত্রী ও নিজের চিকিৎসার জন্য জমি বিক্রির চেষ্টা করলেও তাতে বাধা দেওয়া হচ্ছে। আগে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল, তা না মানায় এখন তাঁদের বয়কট করা হয়েছে।
তুরকানিরকুঠির বাসিন্দা অনিমেষ শীল ও নিমাই বর্মনের মতো আরও কয়েকজন একই ধরনের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, বিজেপির দাবিমতো চাঁদা না দেওয়া এবং দলীয় কার্যালয়ে যেতে অস্বীকার করায় তাঁদের কৃষি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ভিআরপি কর্মী হওয়া সত্ত্বেও নিমাই বর্মনের ছেলেকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বিডিও দফতরে জানিয়েও সুরাহা না মেলায় তাঁরা শেষ পর্যন্ত মহকুমাশাসকের দ্বারস্থ হয়েছেন।
এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বসু। তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। উল্টে তাঁর দাবি, সামাজিক বয়কট তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। কংগ্রেসের মদতে কিছু লোক এসব অভিযোগ করছে বলেও তিনি পাল্টা মন্তব্য করেছেন। অন্যদিকে, তুফানগঞ্জ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগকারীদের বক্তব্য শোনা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।