বালুরঘাটে এনবিএসটিসি বাসের কন্ডাক্টরকে মারধর, উত্তপ্ত বাসস্ট্যান্ড
বালুরঘাট বাসস্ট্যান্ডে এক সরকারি বাসের কন্ডাক্টরকে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আক্রান্ত কন্ডাক্টর রাধা রমণ দাসের অভিযোগ, বাসে এক যাত্রী অন্যের জন্য সিট দখল করে রেখেছিলেন। বাসে ভিড় থাকায় অন্য যাত্রীরা সেই সিটে বসতে চাইলে বচসা শুরু হয়। কন্ডাক্টর ওই যাত্রীকে অন্য গাড়িতে যাওয়ার পরামর্শ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কন্ডাক্টরের ওপর চড়াও হন।
মারধরের জেরে কন্ডাক্টরের হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোট লেগেছে। তাঁকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে এনবিএসটিসির কর্মীরা বাসস্ট্যান্ডে সরকারি বাস ঢুকিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে বেশ কিছুক্ষণ বাস চলাচল ব্যাহত হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার পর অভিযুক্ত যাত্রী বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যায়। এনবিএসটিসির বালুরঘাট ডিপোর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সরকারি বাসের কর্মীরা সরব হয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং আগামীকাল লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে।