ডায়মন্ড হারবারের আইসি ও এসডিপিও পদে রদবদল, নবান্নের নির্দেশিকা জারি
ডায়মন্ড হারবার থানার আইসি এবং এসডিপিও পদে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। নবান্নের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, ডায়মন্ড হারবার থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সঞ্জয় দে। তিনি এতদিন হাওড়া রেলপুলিশ থেকে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় ডেপুটেশনে কর্মরত ছিলেন। একই দিনে ডায়মন্ড হারবারের এসডিপিও পদেও পরিবর্তন আনা হয়েছে। বিজয় কুমার যাদবের জায়গায় নতুন এসডিপিও হিসেবে নিযুক্ত হয়েছেন গৌরব ঘোষ, যিনি এর আগে পুরুলিয়ার ঝালদার এসডিপিও-র দায়িত্বে ছিলেন।
সাম্প্রতিক সময়ে সরিষাকাণ্ডকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার থানার তৎকালীন আইসি প্রসেনজিৎ করের নাম বারবার বিতর্কের শিরোনামে উঠে এসেছিল। সরিষায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হানা দিয়ে পুলিশ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করার পর রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে যায়। ওই ঘটনায় মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বা শামিম আহমেদের নাম জড়িয়েছিল। যদিও বিধায়ক পাল্টা দাবি করেছিলেন যে, পরিকল্পনা করে টাকা রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
পুরো ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক। সেই সময় তিনি সরাসরি ডায়মন্ড হারবার থানার তৎকালীন আইসি-র দিকেই আঙুল তুলেছিলেন। তবে প্রশাসনিক মহলের দাবি, এই রদবদল সম্পূর্ণভাবে একটি রুটিন বদলি। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দ্রুত তাদের পদে যোগ দেবেন বলে জানা গিয়েছে।