হাওড়ায় পেট্রোল পাম্পে জ্বালানির বদলে জল, ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ
হাওড়ার জগৎবল্লভপুরের সীতাপুর জোড়া এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর তা নিয়ে চরম ভোগান্তির শিকার হলেন গ্রাহকরা। অভিযোগ, পাম্প থেকে ১২ লিটার পেট্রোল নেওয়ার মাত্র ৫০ মিটার পরেই গাড়ি বন্ধ হয়ে যায়। স্থানীয় গ্যারেজে নিয়ে গিয়ে পরীক্ষা করালে মিস্ত্রি জানান, তেলের মধ্যে প্রচুর পরিমাণে জল মিশে রয়েছে। এরপর গ্রাহক তেল বের করে পাত্রে ঢাললে বিষয়টি স্পষ্ট হয়।
এই ঘটনার পর ওই গ্রাহক পাম্পে ফিরে এলে আরও অনেকে একই অভিযোগ নিয়ে হাজির হন। কেউ বোতলে, আবার কেউ ড্রামে করে তেল নিয়ে এসে পাম্প কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানান। গ্রাহকদের অভিযোগ, ভেজাল তেলের কারণে তাঁদের গাড়ি বিকল হয়ে যাওয়ায় জরুরি কাজ ব্যাহত হয়েছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। অনেকে অফিসে পৌঁছাতে না পারায় বেতন কাটার আশঙ্কায় রয়েছেন।
প্রাথমিকভাবে পাম্প কর্তৃপক্ষের তরফে ইথানল মেশানোর দাবি করা হলেও, পরে তারা তেলে জল থাকার বিষয়টি স্বীকার করে নেয়। পাম্প কর্মীরা জানান, বৃষ্টির কারণে এমনটা হয়ে থাকতে পারে এবং পরীক্ষা না করেই জ্বালানি সরবরাহ করা হয়েছিল। বর্তমানে ওই পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।