বারাসাতের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার গণধর্ষণের অভিযোগ, বাড়ল আইনি জটিলতা

বারাসাতের জেলবন্দি তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় এই ঘটনা ঘটেছিল।

অভিযোগপত্রে বলা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চাওয়ায় বিধায়ক পরেশরাম দাস এবং তাঁর সহযোগীরা তাঁকে মারধর করেন। এরপর তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় বিধায়ক সহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, নভেম্বরের শুরুর দিকে একটি ধর্ষণ মামলায় কলকাতা বিমানবন্দর থেকে পরেশরাম দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময় তাঁর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বর্তমানে ওই ফোনগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বিধায়কের গ্রেফতারির সময়কাল নিয়ে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠেছিল। কুণাল ঘোষের দাবি ছিল, বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে চাওয়ার পরেই পুলিশ সক্রিয় হয়। গ্রেফতারির পর বিধায়ক নিজেও জানিয়েছিলেন যে, তাঁকে ঠিক কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তা তিনি জানেন না। তবে নতুন করে গণধর্ষণের অভিযোগ সামনে আসায় তাঁর আইনি জটিলতা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য। এখন পুলিশ এই নতুন অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *