রবিবার শিয়ালদা ডিভিশনে চরম ভোগান্তির আশঙ্কা, টানা ৬ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল!

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত উদ্বেগের খবর। সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার দিনের বেলায় শিয়ালদা ডিভিশনে প্রায় ৬ ঘণ্টা পাওয়ার ব্লক এবং ট্রাফিক ব্লক থাকবে। এর ফলে ওই দিন কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা শাখায় ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে চলেছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রেললাইনে জরুরি রক্ষণাবেক্ষণ ও সাবওয়ের কাজের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে ৬টি লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও সময় পরিবর্তন করা হয়েছে।
কাজের কারণ ও ভোগান্তির পরিধি
পূর্ব রেল সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা শাখায় পলাশি ও দেবগ্রাম স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিং গেট এবং ভাবতা ও সারগাছি স্টেশনের মধ্যবর্তী অন্য একটি লেভেল ক্রসিং গেটে সীমিত উচ্চতার সাবওয়ে তৈরির কাজ চলবে। এই কাজের জন্যই রবিবার দিনভর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন (পাওয়ার ব্লক) এবং ট্রেন চলাচল বন্ধ (ট্রাফিক ব্লক) রাখা হবে। ফলে ছুটির দিনে যারা এই রুটে যাতায়াত করার পরিকল্পনা করছেন, তারা চরম বিপাকে পড়তে পারেন।
বাতিল ও রুট সংক্ষিপ্ত করা ট্রেনের তালিকা
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে আপ ও ডাউন লাইনের ৩১৮৬৮ ও ৩১৮৬৪ কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা ইএমইউ লোকাল, ৫৩১৭৫ ও ৫৩১৭৮ শিয়ালদা-লালগোলা ইএমইউ লোকাল এবং ৩১৭৭৩ ও ৩১৭৭৪ রানাঘাট-লালগোলা ইএমইউ লোকাল।
এছাড়াও, দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে এবং পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৬৩১০৭ আপ শিয়ালদা-লালগোলা এমইএমইউ প্যাসেঞ্জার এবং ৩১৭৬৯ আপ রানাঘাট-লালগোলা ইএমইউ ট্রেনটি লালগোলার পরিবর্তে দেবগ্রাম স্টেশনে যাত্রা শেষ করবে। একইভাবে ডাউন লাইনের কয়েকটি ট্রেন লালগোলার বদলে দেবগ্রাম ও রানাঘাট স্টেশন থেকে ছাড়বে। পাশাপাশি ৫৩১৮০ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর অর্থাৎ দুপুর ২টোর ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টে ১৫ মিনিটে লালগোলা থেকে রওনা দেবে।