খলনায়ক হতে পারে বৃষ্টি, শনিবার ম্যাচ ভেস্তে গেলে কেকেআরের কী হবে?
/indian-express-bangla/media/media_files/2026/04/07/kkr-vs-pbks-2026-04-07-18-29-53.jpg)
চলতি আইপিএল মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ভাগ্য নির্ধারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট নিয়ে খাতা খুলেছিল কলকাতা। তবে পরপর হারের ধাক্কা সামলে ওঠার পর শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামার আগে কেকেআরের সামনে এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ কলকাতার খামখেয়ালি আবহাওয়া। শনিবারের হাইভোল্টেজ ম্যাচটি যদি কোনো কারণে বৃষ্টিতে ভেস্তে যায়, তবে টুর্নামেন্ট থেকে পাকাপাকিভাবে ছিটকে যাবে কলকাতা।
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকালে কলকাতার আবহাওয়া আরামদায়ক এবং আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল কিংবা সন্ধের দিকে শহরের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর জেরে ম্যাচ শুরুর সময়ে কলকাতার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। শুধু কলকাতাই নয়, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলোতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা ইডেনের ম্যাচ আয়োজনকে সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।
প্লে অফের সমীকরণ ও কেকেআরের পরিকল্পনা
প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে কলকাতার জয় ভিন্ন অন্য কোনো পথ নেই। ম্যাচটি ভেস্তে গেলে বা পয়েন্ট ভাগাভাগি হলে গতবারের মতো এবারও লিগ পর্ব থেকেই বিদায় নিতে হবে নাইটদের। সে ক্ষেত্রে অধিনায়ক অজিঙ্কা রাাহানে-সহ ম্যানেজমেন্টের ওপর চাপ আরও বাড়বে। এই কঠিন পরিস্থিতিতে মাঠে নামার আগে কেকেআরের প্রধান লক্ষ্য গুজরাতের প্রথম সারির তিন ব্যাটার শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলারকে দ্রুত সাজঘরে ফেরানো। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে যাওয়ায় কলকাতার শক্তি কিছুটা কমলেও, বরুণ চক্রবর্তীর নেটে বোলিং শুরু করা দলের জন্য বড় স্বস্তির খবর। তবে সমস্ত ক্রিকেটীয় পরিকল্পনার ঊর্ধ্বে এখন শুধুই বরুণদেবের কৃপার ওপর নির্ভর করছে নাইটদের ভাগ্য।