পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন, শুক্রবারের বদলে রবিবার বন্ধ রাখার নির্দেশিকা জারি

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ রাজ্যের মাদ্রাসাগুলির সাপ্তাহিক ছুটির দিনে একটি বড়সড় পরিবর্তন এনেছে। এতদিন রাজ্যের কিছু মাদ্রাসায় শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে পালিত হলেও, পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে শুক্রবারের পরিবর্তে রবিবার মাদ্রাসাগুলিতে সাপ্তাহিক ছুটি থাকবে। গত ২৭ নভেম্বর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত সমস্ত মাদ্রাসাকে এখন থেকে সরকারি নিয়ম এবং শিক্ষা ক্যালেন্ডার কঠোরভাবে মেনে চলতে হবে। এর ফলস্বরূপ, সোমবার থেকে শনিবার পর্যন্ত মাদ্রাসাগুলিতে নিয়মিত ক্লাস এবং প্রশাসনিক কাজকর্ম চালু রাখতে হবে। এতদিন জুম্মার নামাজের কারণে শুক্রবার ছুটি এবং রবিবার মাদ্রাসা খোলা রাখার যে প্রথা প্রচলিত ছিল, এই নির্দেশের মাধ্যমে তা বাতিল করা হয়েছে।

তবে এই নতুন নিয়ম কার্যকর হলেও, নির্ধারিত ধর্মীয় উৎসব এবং সরকারি ছুটির দিনগুলি আগের মতোই বহাল থাকবে। মনে করা হচ্ছে, রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবেই রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। উল্লেখ্য, এর আগে পরিকাঠামোগত ঘাটতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজ্যের কিছু অস্বীকৃত মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *