বিনামূল্যে রেশন প্রকল্পে অযোগ্য উপভোক্তা: দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ

২০২৫-২৬ সালে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিচালিত এক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা গেছে, পশ্চিমবঙ্গের ৩৯.৫ শতাংশ উপভোক্তা বিনামূল্যে রেশন পাওয়ার নির্ধারিত মাপকাঠি পূরণ করেন না। শতাংশের বিচারে অযোগ্য উপভোক্তার তালিকায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে, যা প্রশাসনিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

এই তালিকায় পশ্চিমবঙ্গের পরেই রয়েছে ত্রিপুরা, তামিলনাড়ু, মেঘালয় এবং বিহার। সারা দেশে গড়ে যেখানে ১৩.২ শতাংশ উপভোক্তা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হার উল্লেখযোগ্যভাবে বেশি। সমীক্ষা অনুযায়ী, অনেক ক্ষেত্রে চারচাকা গাড়ির মালিক, শীতাতপ নিয়ন্ত্রিত বাড়ির বাসিন্দা এবং সরকারি চাকরিজীবীরাও বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন। রিপোর্টে এই ঘটনাকে ‘ইনক্লুসন এরর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে গ্রামে মাসিক আয় ১০ হাজার ও শহরে ১৫ হাজার টাকার বেশি হলে, অথবা নির্দিষ্ট কিছু সম্পদ থাকলে পরিবারগুলি অযোগ্য বলে গণ্য হয়। কেন্দ্রীয় আধিকারিকদের মতে, উপভোক্তার সংখ্যা কেন্দ্র নির্ধারণ করলেও যোগ্যতার তালিকা তৈরির দায়িত্ব রাজ্যগুলির ওপর ন্যস্ত থাকে।

২০১৩ সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় বর্তমানে দেশে প্রায় ৭৮.৬৩ কোটি মানুষ বিনামূল্যে চাল ও গম পাচ্ছেন। ২০২৫-২৬ অর্থবর্ষে এই খাতে কেন্দ্র ২.২৮ লক্ষ কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে। এই সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসার পর প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। রাজ্যের খাদ্য দফতরের সচিবের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *