ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম, দলবদলের প্রস্তাব ঘিরে শোরগোল!
২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে এক অডিও ক্লিপ ভাইরাল হওয়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ওই অডিওতে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী মহম্মদ শবে মিরাজ আলি খানকে তৃণমূলে যোগদানের জন্য স্থানীয় তৃণমূল নেতা শেখ মনসুর আলির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। অডিওটির সত্যতা নিশ্চিত করা না গেলেও, সংশ্লিষ্ট দুই পক্ষই কথোপকথনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। কথোপকথনে আইএসএফ প্রার্থী শবে মিরাজ জানান, তিনি দলের আদর্শের সঙ্গে বেইমানি করে শাসক শিবিরে যোগ দিতে অস্বীকার করেছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূল নেতা শেখ মনসুর আলির দাবি, দলের ভোট বাড়ানোর লক্ষ্যেই তিনি কথা বলেছিলেন এবং পুরো বিষয়টি শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্রেরই অংশ। অন্যদিকে, আইএসএফ প্রার্থী শবে মিরাজের ধারণা, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই অডিওটি ভাইরাল হয়েছে। এছাড়া, বিজেপি অভিযোগের দায় অস্বীকার করে শাসক দলের দিকেই আঙ্গুল তুলেছে। বিধানসভা ভোটের ঠিক মুখে নন্দীগ্রামে প্রার্থীকে দলবদলের প্রস্তাব দেওয়ার এই ঘটনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।