যাদের জন্য এত করলাম তারা এখন গদ্দারের লাইনে, ক্ষোভে ফুঁসছেন মমতা!
নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে বাড়তে থাকা তীব্র অসন্তোষ ও হেভিওয়েট নেতাদের দূরত্ব বজায় রাখার আবহে এবার কড়া বার্তা দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার ওয়াই চ্যানেলে আয়োজিত এক ধর্নামঞ্চ থেকে তিনি দলের বিদ্রোহী নেতাদের ‘গদ্দার’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তৃণমূলের বর্তমান পরিস্থিতির পেছনে বিজেপির সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে বলেও তিনি বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
দলের অন্দরে ফাটল এতটাই গভীর যে, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটি হাইভোল্টেজ বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই অনুপস্থিত ছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার মতো সাংসদদের বরখাস্ত হওয়া, কলকাতা পুরসভার পদ থেকে কয়েকজন নেতার সরে যাওয়া এবং একাধিক প্রথম সারির নেতার ভিন্ন সুর তৃণমূলের সাংগঠনিক সংকটকে স্পষ্ট করেছে। এই পরিস্থিতিতেও দমে না গিয়ে আগামী ৪ জুন ধর্মতলা থেকে রাজ্যব্যাপী বড় আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেছেন, বাংলায় ১৭৭টি আসনে ভোট লুট হয়েছে এবং মাইক বা সভার অনুমতি না দিয়ে তাঁকে আটকানো যাবে না।