বিয়ের পর স্ত্রী কি শুধুই স্বামীর ছায়া? কেরিয়ারকে গুরুত্ব দেওয়া ‘নিষ্ঠুরতা’ নয়, জানাল সুপ্রিম কোর্ট!
স্ত্রী যদি নিজের ক্যারিয়ার বা পেশাগত উচ্চাকাঙ্ক্ষাকে প্রাধান্য দেন, তবে তাকে কোনোভাবেই স্বামীর প্রতি ‘নিষ্ঠুরতা’ হিসেবে গণ্য করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, উচ্চাকাঙ্ক্ষী হওয়া কোনো অপরাধ নয় এবং এমন আচরণকে নিষ্ঠুরতা বলে মনে করা অনুন্নত মানসিকতার পরিচয়। আদালত স্পষ্ট করে বলেছে, বিবাহিত নারী স্বামীর পরিবারের কোনো ‘সংযোজন’ বা ছায়া নন, বরং তাঁর নিজস্ব স্বতন্ত্র বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সত্তা রয়েছে।
ঘটনাটি এক দন্তচিকিৎসক স্ত্রী এবং তাঁর সেনা আধিকারিক স্বামীকে কেন্দ্র করে। স্ত্রীর পেশাগত প্রয়োজনে পৃথক স্থানে কাজ করাকে ‘মানসিক নিষ্ঠুরতা’ হিসেবে দাবি করে নিম্ন আদালত ও গুজরাত হাইকোর্ট স্বামীর পক্ষে রায় দিলেও, সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়। আদালত মন্তব্য করে, ভূমিকার অদলবদল হলে সমাজ কখনও স্বামীর ওপর পেশা ত্যাগের চাপ সৃষ্টি করত না। যদিও এই দম্পতির বিবাহবিচ্ছেদের ডিক্রি বহাল রাখা হয়েছে, তবে স্ত্রীর পেশাগত অধিকারকে স্বীকৃতি দিয়ে শীর্ষ আদালত এক গুরুত্বপূর্ণ আইনি নজির স্থাপন করল।