মেসি কাণ্ডে তোলপাড়, তলব করা হলো প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে!
যুবভারতীতে লিওনেল মেসিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও টিকিট কালোবাজারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ। আগামী ৪ জুনের মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা মামলার প্রেক্ষিতে এবং গত ১৭ মে দায়ের করা এফআইআরের ভিত্তিতে প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগকারী শতদ্রু দত্তের দাবি, মেসির ইভেন্টের প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারির পেছনে তৎকালীন মন্ত্রীর প্রভাব ছিল। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে ইভেন্টে নিরাপত্তায় গাফিলতি ঘটানো, ভীতি প্রদর্শন, প্রতারণা, চাঁদাবাজি এবং বিনা অনুমতিতে মেসির কাছাকাছি গিয়ে তাঁর শরীরে হাত দেওয়ার মতো গুরুতর অভিযোগও এফআইআরে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, অতীতে এই ঘটনার প্রেক্ষিতে শতদ্রু দত্ত গ্রেপ্তার হলেও, বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকার এই ইভেন্ট সংক্রান্ত ফাইল পুনরায় খোলার ঘোষণা দিলে প্রাক্তন মন্ত্রীর ওপর আইনি চাপ বৃদ্ধি পায়।