ট্রাম্পের হুঙ্কারে কি বিপাকে ভারত? ফের বাড়ছে শুল্কের বোঝা!
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যেই ভারতের তৈরি পণ্যের ওপর ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন বাণিজ্য আইন ১৯৭৪-এর ৩০১ ধারা অনুযায়ী এই শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই তালিকায় ভারত ছাড়াও চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেনসহ বিশ্বের প্রায় ৬০টি দেশ রয়েছে।
মার্কিন বাণিজ্য দপ্তর জানিয়েছে, জোরপূর্বক শ্রম বা আধুনিক দাসত্বের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি রুখতেই এমন কঠোর পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে। যেসব দেশ এ ধরনের শ্রমের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের পণ্যে ১০ শতাংশ এবং যারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, তাদের পণ্যে ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে এই পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মার্কিন জনগণের মতামতের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই প্রস্তাব সামনে আসায় নতুন করে কূটনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে। ২ থেকে ৪ জুন পর্যন্ত চলা উচ্চপর্যায়ের বৈঠকের লক্ষ্য ছিল বাণিজ্যিক বাধা দূর করা, যা মার্কিন এই সিদ্ধান্তের কারণে জটিল হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে যেভাবে ৩০১ ধারা ব্যবহার করে চীনকে চাপে ফেলা হয়েছিল, এখন ভারতের মতো কৌশলগত মিত্রের ওপর এই আইনের প্রয়োগ দিল্লির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।