সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা, ভুয়ো উপভোক্তা রুখতে নবান্নের কড়া পদক্ষেপ!
রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার অর্থপ্রদান প্রক্রিয়া। বুধবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আজ থেকেই সরাসরি ২৯ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ জমা হতে শুরু করেছে। গত মঙ্গলবার এই যোজনার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর ঠিক পরের দিনই রাজ্য সরকার এই আর্থিক অনুদান প্রদানের কাজ শুরু করল।
অন্নপূর্ণা যোজনার জন্য ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পের অর্থ যাতে প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায় এবং জালিয়াতি রোধ করা যায়, তা নিশ্চিত করতেই এই বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই প্রকল্পের মাধ্যমে একটি সঠিক তথ্যভাণ্ডার তৈরির পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার লক্ষ্য রয়েছে, কারণ ভারতীয় নাগরিকত্বহীন কোনো ব্যক্তি এই যোজনার সুবিধা পাবেন না। আগামী তিন মাস ধরে এই ফর্ম ফিলাপ প্রক্রিয়া চলবে এবং প্রতি সাত দিন অন্তর উপভোক্তাদের তালিকা হালনাগাদ করা হবে।