বিদ্যুৎ বিলের নামে প্রতারণা, এক ক্লিকেই সর্বস্বান্ত কলেজ শিক্ষিকা!
উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে বিদ্যুৎ বিলের ভুয়া পিডিএফ ফাইল খোলার প্রলোভনে পড়ে এক কলেজ শিক্ষিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। প্রতারণার শিকার নন্দিনী হালদার বনগাঁর বাণীপুর মহিলা কলেজের অধ্যাপিকা। এই ঘটনায় তিনি বনগাঁ সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ প্রযুক্তিগত সহায়তায় অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে।
ঘটনার বিবরণে জানা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে ওই শিক্ষিকাকে বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি পিডিএফ ফাইল খোলার অনুরোধ জানায়। ফাইলটি খোলার সঙ্গে সঙ্গে তাঁর স্মার্টফোনটি অকেজো হয়ে যায় এবং স্ক্রিন কালো হয়ে যায়। ফোনটি পুনরায় চালু হওয়ার পর দেখা যায়, তাঁর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে দুই দফায় মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা উধাও হয়ে গেছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, ওই ফাইলটিতে ক্ষতিকারক সফটওয়্যার বা ‘মেলওয়্যার’ যুক্ত ছিল, যা ব্যবহারকারীর ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে তুলে দেয় এবং গোপন তথ্য চুরি করে।