সরকারি ফাইল নিয়ে ধরা পড়লেন শিক্ষিকা, গয়েরকাটায় তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

জলপাইগুড়ির গয়েরকাটা গার্লস হাইস্কুলের সরকারি নথি বাইরে পাচার করার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কণিকা রায়কে হাতেনাতে আটক করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, ওই শিক্ষিকা স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে তৃণমূল নেতা তথা স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি মানস রঞ্জন ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথেই বিজেপি কর্মীরা তাঁকে আটক করে তল্লাশি চালালে স্কুলের একাধিক সরকারি কাগজপত্র উদ্ধার হয়।

এই ঘটনার পর থেকে শিক্ষিকা দফায় দফায় নিজের বক্তব্য পরিবর্তন করেছেন। শুরুতে তিনি ফাইলগুলোকে ব্যক্তিগত দাবি করলেও পরে জানান, প্রাক্তন সভাপতির সই করানোর জন্য তিনি সেখানে যাচ্ছিলেন। তবে সরকারি নথিপত্র কেন স্কুলের বাইরে নিয়ে যাওয়া হলো এবং সেই সময় সঙ্গে কেন স্কুলের সিলমোহর ছিল না, তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিরোধী নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে বড় ধরনের আর্থিক অনিয়ম ও প্রশাসনিক নিয়মভঙ্গের অভিযোগ হিসেবে দেখছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *