২০০ কোটির প্রতারণা মামলায় সব অভিযোগ অস্বীকার জ্যাকলিনের!
ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় বুধবার দিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজির হয়ে নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে চলা এই মামলার চার্জ গঠনের শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। বরং তিনি নিজেই সুকেশ চন্দ্রশেখরের প্রতারণার শিকার হয়েছেন এবং তাঁর কারসাজির বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে আদালতে জানিয়েছেন।
তদন্তকারী সংস্থার অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর অবৈধভাবে অর্জিত বিপুল অর্থ ও দামী সামগ্রী উপহার হিসেবে জ্যাকলিনকে দিয়েছিলেন। এর বিপরীতে অভিনেত্রীর দাবি, সুকেশের আসল পরিচয় বা কাজের ধরন সম্পর্কে তিনি আগে থেকে সচেতন ছিলেন না। সম্পর্ক থাকাকালীন সুকেশ তাঁকে দামী উপহার দিয়ে কেবল মুগ্ধ করার চেষ্টা করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। এই অভিযোগের মুখে পড়ে অভিনেত্রী এখন দীর্ঘ আইনি লড়াইয়ের সম্মুখীন হয়েছেন, যা তাঁর পেশাদার ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে। পরবর্তী শুনানিতে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সকলের।