ইট-ডিম বৃষ্টি, ‘চোর’ স্লোগান—রণক্ষেত্র টলিপাড়া!
টলিপাড়ার টেকনিশিয়ান স্টুডিয়োর নিয়ন্ত্রণ ও ফেডারেশনের কাঠামো পুনর্গঠনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বিজেপির বিধায়ক পাপিয়া অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন ‘কো-ফেডারেশন’ ফেডারেশনের দুই কর্তাকে পদত্যাগের নির্দেশ দিলে এই উত্তেজনার সূত্রপাত হয়। এর জেরে স্টুডিয়োপাড়ায় নতুন কো-ফেডারেশন ও পুরনো গিল্ড সদস্যদের মধ্যে দ্বন্দ্বে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের রূপ নেয়।
ঘটনায় সকাল থেকেই স্টুডিয়োর বাইরে প্রায় ২৬টি গিল্ডের প্রায় দুই হাজার সদস্য জড়ো হন। এ সময় একপক্ষকে লক্ষ্য করে ইট, পাথর ও ডিম ছুড়ে এলাকাছাড়া করার চেষ্টা করা হয় এবং ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। টলিপাড়ার এই দ্বন্দ্বে রাজনৈতিক বিতর্ক এবং বহিরাগতদের উপস্থিতির অভিযোগ ওঠায় স্টুডিয়োপাড়ার স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।