দিল্লির অগ্নিকাণ্ডে দেবদূত আফজল ও ওয়াসিম, মরনজয়ী সাহসিকতায় বাঁচল বহু প্রাণ!
দক্ষিণ দিল্লির মালব্যনগরের হউজ রানি এলাকার একটি হোটেলে গত বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন এবং আরও ৩৭ জন আহত হয়েছেন। আগুন ও কালো ধোঁয়ায় হোটেল চত্বর ঢেকে গেলে স্থানীয় বাসিন্দা ও যুবকদের তৎপরতায় বহু পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়।
ভয়াবহ এই পরিস্থিতির মুখে স্থানীয় বাসিন্দা মহম্মদ আফজল ও তাঁর ভাইরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। বেডিং ব্যবসায়ী রিয়াজুদ্দিন মনসুরি ও তাঁর ছেলে আরমান মনসুরি দোকানের প্রায় ২ লক্ষ টাকার নতুন গদি ও কম্বল রাস্তায় বিছিয়ে দেন, যার ওপর লাফিয়ে পড়ে বহু পর্যটক প্রাণ বাঁচান। এছাড়া ম্যাক্স হাসপাতালের কর্মী ওয়াসিম রাজা ও তাঁর সহকর্মীরা আহতদের সিপিআর প্রদানসহ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং অগ্নি-নির্বাপক ব্যবস্থা না মানার অভিযোগে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।