সংসদ অধিবেশনে আসছে ডিলিমিটেশন বিল, আসন পুনর্বিন্যাসে তোলপাড় তৃণমূল ও ডিএমকে!
আসন্ন বাদল অধিবেশনে সংসদে পুনরায় বহু বিতর্কিত ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে বিলটি পাস করানোর লক্ষ্যে কেন্দ্র তৎপর হয়েছে। সরকারি সূত্রের খবর, এই ইস্যুতে ঐকমত্য গড়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস এবং ডিএমকের মতো প্রধান বিরোধী আঞ্চলিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এই দলগুলো আগের তুলনায় কিছুটা নমনীয় মনোভাব দেখানোর ইঙ্গিত দেওয়ায় বিলটি পাসের সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে।
প্রস্তাবিত নতুন খসড়া অনুযায়ী, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা রয়েছে। এটি কার্যকর হলে বহু প্রতীক্ষিত মহিলা সংরক্ষণ আইনও বাস্তবায়িত হবে, যার আওতায় বর্ধিত আসনের এক-তৃতীয়াংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এর আগে ২০২৭ সালের পরিবর্তে ২০১১ সালের তথ্যকে ভিত্তি করার বিষয়টি নিয়ে ‘ইন্ডিয়া’ জোটের তীব্র বিরোধিতার মুখে বিলটি খারিজ হয়ে গিয়েছিল। বিরোধীদের প্রধান আপত্তি ছিল, এই সিদ্ধান্তের ফলে উত্তর ভারতের হিন্দি বলয়ের রাজ্যগুলোতে রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি পেলেও দক্ষিণ ভারত ও ছোট রাজ্যগুলোর রাজনৈতিক গুরুত্ব হ্রাস পেতে পারে। তবে বর্তমান আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা নিরসনের পথ প্রশস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।