টাকা দিতে পারেননি বলে মেয়ের ভাঙা পা আবার ভেঙে দিলেন ডাক্তার!
উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলা হাসপাতালে আট হাজার টাকা ঘুষ না দেওয়ায় এক কিশোরীর অস্ত্রোপচার করা হাড় পুনরায় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। জেলা শাসকের নির্দেশে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়ার কথা থাকলেও, অভিযোগ ওঠে, ওই কিশোরীর মা রেশমা চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় এই অমানবিক ঘটনাটি ঘটে। বর্তমানে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় ওই বিধবা মা।
ভুক্তভোগীর অভিযোগ, দেড় মাস আগে মেয়ের পা ভেঙে গেলে তিনি তাকে জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্য ২৫ হাজার টাকা দাবি করলে তিনি জেলা শাসকের সহায়তা নেন, যার পর সিএমও বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দেন। অভিযোগ, এরপরও ৮ হাজার টাকা আদায় করা হয় এবং বাকি টাকার জন্য চাপ দেওয়া হয়। পরবর্তী চেকআপের সময় ডা. চতুর্বেদী জোর করে কিশোরীর পা মোচড়ালে হাড় ভেঙে যায়, যা পরে এক্স-রে রিপোর্টে প্রমাণিত হয়। এই ঘটনায় মুজফফরনগরের চিফ মেডিক্যাল অফিসার সুনীল তেওয়াটিয়া একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন এবং গাফিলতির প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।