অন্ডালে সাবেক বিধায়কের গুদামে ত্রাণের পাহাড় ও কন্ডোম, চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড়!
পশ্চিম বর্ধমানের অণ্ডালে সাবেক তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাঁকোলার বাসভবন সংলগ্ন গুদাম থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, মশারি, ত্রিপল, স্কুলের পোশাক এবং প্রচুর কন্ডোমের প্যাকেট। শুক্রবার স্থানীয় বাসিন্দা ও বিরোধী দলের কর্মীরা ওই গুদামে চড়াও হয়ে তালা ভেঙে এই মজুত ত্রাণসামগ্রী দেখতে পান। ত্রাণসামগ্রী আত্মসাৎ করে কালোবাজারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। একই সঙ্গে জামুড়িয়ার আরেক তৃণমূল নেতা উদীপ সিংহের আবাসন থেকেও কম্বল ও রেশনের চাল-গম উদ্ধার হয়েছে।
ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অণ্ডাল থানা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সাবেক বিধায়ক বা তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।