‘আমি দুর্ভাগা বাবা’, স্ত্রীর পরকীয়ার চরম বলি যুবক!
উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় পারিবারিক বিবাদের জেরে অমিত কুমার (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ের দেড় বছরের মাথায় ও চার মাসের শিশুপুত্রের পিতা অমিত গত বৃহস্পতিবার বাড়ির লোকজন না থাকার সুযোগে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃতের কক্ষ থেকে চার পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ওই নোটে অমিত অভিযোগ করেছেন, তার স্ত্রী রিঙ্কীর সঙ্গে অন্য এক ব্যক্তির পরকীয়ার জেরেই এই অশান্তি শুরু হয়। তিনি লিখেছেন, স্ত্রীর এহেন সম্পর্কে শ্বশুরবাড়ির সদস্যদের মদত ছিল এবং তারা তাকে প্রতিনিয়ত মানসিকভাবে নির্যাতন করতেন। নিজের মোবাইলের চ্যাট হিস্ট্রি ও স্ক্রিনশটে সমস্ত প্রমাণ রয়েছে বলে উল্লেখ করে অমিত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
বর্তমানে অমিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় থানার এসএইচও বিপিন কুমার মালিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।