তালিগঞ্জে সিন্ডিকেটবাজির অবসান, অবশেষে গ্রেফতার স্বরূপ বিশ্বাস!

তোলাবাজি, শ্লীলতাহানি এবং অস্ত্র আইনের মতো একাধিক গুরুতর অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও প্রভাবশালী তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ আলিপুর ও টালিগঞ্জ এলাকার নির্মাণ সংস্থা ও প্রোমোটারদের কাছ থেকে কোটি টাকা তোলা আদায়ের অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। শুক্রবার আলিপুর আদালত স্বরূপ বিশ্বাসকে আগামী ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, সিমরন পাল নামে এক ব্যক্তি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভয় দেখানো ও কোটি টাকা দাবির লিখিত অভিযোগ দায়ের করলে ৪ জুন নিউ আলিপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু হয়। দীর্ঘদিন ধরে টালিগঞ্জ ও নিউ আলিপুরের নির্মাণ শিল্পে প্রভাব বিস্তারকারী এই নেতার গ্রেফতারির ঘটনা রাজ্য রাজনীতি ও টলিপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরোধী দলগুলি একে শাসক দলের সিন্ডিকেটরাজের প্রমাণ হিসেবে তুলে ধরে সরব হয়েছে এবং টলিপাড়ার একাংশও এই গ্রেফতারিকে কেন্দ্র করে দুর্নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *