সীমান্তের গ্রামে উন্নয়নের জোয়ার, আলিপুরদুয়ারে ভাইব্র্যান্ট ভিলেজে বদলে যাচ্ছে ১৬ গ্রাম!
ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের ১৬টি গ্রামকে কেন্দ্র সরকারের ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ প্রকল্পের জন্য নির্বাচিত করা হয়েছে। এই মেগা প্রকল্পের গাইডলাইন ও কাজের চূড়ান্ত রূপরেখা নির্ধারণে রাজ্যস্তরের বিশেষ কর্মশালায় যোগ দিতে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা কলকাতায় রওনা হয়েছেন। রাজনৈতিক কারণে এতদিন স্তিমিত থাকা এই কেন্দ্রীয় প্রকল্পের কাজে এবার গতি আসতে চলেছে এবং এলাকাভিত্তিক কাজের প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিস্তারিত সমীক্ষা শুরু হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচিত গ্রামগুলির মধ্যে কুমারগ্রামের চুনিয়াঝোরা চা বাগান, ধুমপাড়া, মধ্য হলদিবাড়ি, ফাঁসখাওয়া ও তুরতুরিখণ্ড; কালচিনির বক্সা পাহাড়, রাঙ্গামাটি চা বাগান ও ছোট জয়গাঁ এবং মাদারিহাটের টোটোপাড়া, লঙ্কাপাড়াহাট ও মাকড়াপাড়া চা বাগান অন্যতম। এই গ্রামগুলির পরিকাঠামোগত মানোন্নয়নের জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ চলছে, যা অনুমোদনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হবে। রাস্তাঘাট, সেতু নির্মাণসহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার মাধ্যমে সীমান্ত সংলগ্ন এই গ্রামগুলোর জীবনযাত্রার মানোন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।