মমতার ঝড়ে কোনঠাসা অভিষেক, কালীঘাটের বৈঠকে বড় চমক!

দলের অভ্যন্তরে দীর্ঘদিনের অসন্তোষ ও ভাঙনের আশঙ্কা রুখতে সাংগঠনিক কাঠামোয় বড়সড় রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের রাশ নিজের হাতে রাখতে এবং অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য বজায় রাখতেই নেত্রীর এই পদক্ষেপ।

এই রদবদলের ফলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহাল থাকলেও তাঁর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংকুচিত হয়েছে। কাজের পরিধি নিয়ন্ত্রণে অভিষেককে সহায়তার জন্য যুগ্ম জাতীয় সম্পাদক পদে ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে, শারীরিক অসুস্থতার কারণে রাজ্য সভাপতির পদ থেকে সুব্রত বক্সিকে অব্যাহতি দিয়ে সেই পদে চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুব্রত বক্সিকে করা হয়েছে জাতীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি।

সংগঠনকে চাঙ্গা করতে নতুন ও পুরনো নেতৃত্বের মেলবন্ধনে সাজানো হয়েছে নতুন কমিটি। রাজ্য সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর ও নয়না বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূলের দায়িত্ব সায়নী ঘোষ এবং ছাত্র পরিষদের দায়িত্ব প্রিয়াঙ্কা অধিকারীর ওপর ন্যস্ত করা হয়েছে। এছাড়া চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ও কুণাল ঘোষকে দলের মুখপাত্র হিসেবে নিয়োগের মাধ্যমে শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ সুনিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *