কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত চিকিৎসক!
কন্যাসন্তান জন্মের জেরে চিকিৎসক স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন, অভিযুক্ত স্বামী পুলিশ হেফাজতে
নরেন্দ্রপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ার অপরাধে নিজের স্ত্রীকে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগে এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসক কৌশিক মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে স্ত্রীকে বিষাক্ত ওষুধ খাইয়ে খুনের চেষ্টা এবং বিবাহবহির্ভূত সম্পর্কের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বারুইপুর মহকুমা আদালত অভিযুক্ত চিকিৎসককে চারদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
নির্যাতিতা স্ত্রী সহেলি সরকারের অভিযোগ, বিয়ের পর অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকেই কৌশিক তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণসহ কন্যাসন্তানের ভ্রূণ নষ্ট করার জন্য বারবার চাপ প্রয়োগ করতেন তিনি। সন্তানের জন্মের পর এই ক্ষোভ আরও বৃদ্ধি পায়। সহেলি আরও জানান, নিজের বিবাহবহির্ভূত সম্পর্ক আড়াল করতে এবং তাকে পাগল প্রমাণ করে বিবাহবিচ্ছেদের উদ্দেশ্যে কৌশিক নিয়মিত তাকে মনোরোগের ওষুধ জোরপূর্বক খাওয়াতেন। সম্পত্তিতে নজর দিতেই কৌশিক তাকে খুনের চেষ্টা করেছেন বলে অভিযোগ। এই ঘটনার পর সহেলি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে।