প্রেমিকার ছেলের হাতে খুন জনপ্রিয় অভিনেতা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য!
হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি খুন: প্রেমিকার ছেলে গ্রেপ্তার
লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবন থেকে ৮১ বছর বয়সি জনপ্রিয় হলিউড অভিনেতা জেমস হ্যান্ডির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‘টপ গান: ম্যাভেরিক’ ও ‘জুমানজি’ খ্যাত এই অভিনেতার বুকে ছুরি গেঁথে থাকা অবস্থায় উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ৪৪ বছর বয়সি মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ওই বাড়িতেই অভিনেতার প্রেমিকার সঙ্গে বসবাস করতেন।
জানা গেছে, বুধবার সকালে ৯১১ নম্বরে আসা একটি রহস্যজনক কলের সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফোনে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ‘ঈশ্বরের পুত্র’ দাবি করে হত্যার কথা স্বীকার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাইকেল গ্লেডহিল অপরাধ স্বীকার করেন বলে আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে জামিনের পরিমাণ ২০ লক্ষ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পাঁচ দশকের ক্যারিয়ারে ১৪০টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করা জেমস হ্যান্ডির অকাল প্রস্থান ও এমন মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।