ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের, চাপে ভারত!
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন যে, ভারত কখনও বিদেশি শক্তির নির্দেশ বা চাপে মাথা নত করে না। তিনি ভারতের স্বাধীন ও নিরপেক্ষ বিদেশনীতির ভূয়সী প্রশংসা করে জানান, ভারত দীর্ঘকাল ধরেই তাদের সার্বভৌমত্ব বজায় রেখে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করে আসছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন, যারা দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে মস্কো থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে।
পুতিনের দাবি, রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার পশ্চিমা প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর মার্কিন প্রশাসনের বিভিন্ন চাপ এবং ভারতের তেল আমদানির সমালোচনা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী বলে তিনি উল্লেখ করেন। রুশ প্রেসিডেন্টের মতে, ভারত মস্কোর একটি অত্যন্ত বিশ্বস্ত সহযোগী এবং পশ্চিমা শক্তির চাপে ভারত যে নিজের অবস্থানে অনড় থাকবে, তা নিয়ে তিনি আত্মবিশ্বাসী। তিনি আরও যোগ করেন যে, সংকটময় পরিস্থিতি সত্ত্বেও বহু দেশ এখনো রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।