ব্যারাকপুরে ভয়াবহ উত্তেজনা, দখল হলো তৃণমূলের পার্টি অফিস!
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের তালপুকুর বড়পোল এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার রাতে বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে এই ঘটনাটি ঘটে। বিজেপির ব্যারাকপুর ১, ২ ও ৩ নম্বর মণ্ডলের সভাপতি এবং ব্যারাকপুর-২ মণ্ডল সভানেত্রী অনামিকা নাগের নেতৃত্বে একদল কর্মী ওই অফিসে পৌঁছান। সেখানে উপস্থিত যুব তৃণমূল নেতা তথা পদত্যাগী কাউন্সিলর রাজা পাসওয়ানের সঙ্গে তাদের বচসা হয় এবং এরপরই বিজেপি কর্মীরা অফিসে ঢুকে তৃণমূলের ফ্লেক্স ও পোস্টার খুলে ফেলেন।
অনামিকা নাগের অভিযোগ, পার্টি অফিসটি বেআইনিভাবে দখল করা জমির ওপর তৈরি। পাশাপাশি, ওই অফিস থেকে নিয়মিত তোলাবাজি, মাদক সেবন, সরকারি জমি বিক্রি ও বাজার দখলের মতো কর্মকাণ্ড চলত এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই তারা এই পদক্ষেপ নিয়েছেন। ঘটনার পর থেকে ওই অফিসের ভেতর থেকে জমির দলিলসহ বিভিন্ন নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।