১৩ কোটি টাকার দেনা মেটানোর চ্যালেঞ্জ কাঁধে, নতুন সভাপতি কি পারবেন মহামেডানকে বাঁচাতে?
দীর্ঘদিনের আর্থিক সংকট ও ব্যর্থতার জেরে বড়সড় পরিবর্তনের পথে মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের তৎকালীন সভাপতি আমিরুদ্দিন ববির পদত্যাগের পর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও নওদার বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার এই পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতিকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শেষ হবে।
বর্তমানে মহমেডান স্পোর্টিং ক্লাবের মাথায় প্রায় ১৩ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। প্রবল আর্থিক সংকট ও আইএসএলে দলের ব্যর্থতার কারণে সদস্য-সমর্থকদের দীর্ঘদিনের চাপে ক্লাব নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো। ক্লাব সূত্রে জানা গেছে, আপাতত বর্তমান কমিটি অপরিবর্তিত থাকছে এবং আগামী এক মাস নতুন সভাপতির নেতৃত্বে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ঋণের বোঝা কমিয়ে আর্থিক স্থিতিশীলতা ফেরানো, নতুন স্পনসর জোগাড় করা এবং আগামী মরশুমের জন্য শক্তিশালী দল গঠন করাই এখন নতুন নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জ।