তিন দিনের মধ্যেই নয়া মেয়র, নবান্নের কড়া বার্তায় তোলপাড় কলকাতা পুরসভা!
ফিরহাদ হাকিমের পদত্যাগের পর তৈরি হওয়া মেয়র পদের শূন্যতা ও প্রশাসনিক সংকটের প্রেক্ষিতে আগামী তিন দিনের মধ্যে কলকাতা পুরসভাকে নতুন মেয়রের নাম জানাতে নির্দেশ দিয়েছে রাজ্যের পুর দফতর। নবান্নের পক্ষ থেকে পাঠানো এক জরুরি চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত এই সময়সীমার মধ্যে নতুন মেয়রের নাম ঘোষণা না করা হলে কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার।
নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতার উল্লেখ করে প্রশাসন জানিয়েছে, পুরসভা তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুরসভাকে ‘অক্ষম’ ঘোষণা করার ক্ষমতা সরকারের রয়েছে। প্রচলিত আইন অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পুরসভাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। সেই নিয়ম মেনে মিউনিসিপ্যাল কমিশনারের কাছে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। নির্ধারিত তিন দিনের মধ্যে লিখিত জবাব না পাওয়া গেলে সরকারি অধ্যাদেশের মাধ্যমে বোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে নবান্ন জানিয়েছে।