দিল্লির রাজপথে ‘ককরোচ জনতা পার্টি’র নজিরবিহীন প্রতিবাদ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল শহর!
পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে বামপন্থী ছাত্র সংগঠন আইসা ও এসএফআই-এর কর্মীরা অংশ নেন। এছাড়া পরিবেশকর্মী সোনম ওয়াংচুক ও অভিনেতা প্রকাশ রাজ এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আরশোলা সংক্রান্ত মন্তব্যকে ব্যঙ্গ করে আত্মপ্রকাশ করা এই সংগঠনটির কর্মসূচিটির ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেনি দিল্লি হাইকোর্ট।
বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী। শনিবার যন্তর মন্তরে সিজেপি-র প্রতিবাদের সময় একটি গোষ্ঠী ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ হস্তক্ষেপ করে বেশ কয়েকজনকে আটক করেছে। বর্তমানে এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে রয়েছে।