মধ্যপ্রাচ্যের সংকটে বড় স্বস্তি, আন্দামানে মিলল গ্যাস ভাণ্ডারের বিশাল খনি!
আন্দামান সাগরে বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আবিষ্কার, ভারতের জ্বালানি সুরক্ষায় বড় সাফল্য
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের মধ্যে ভারতের জ্বালানি সুরক্ষায় বড় মাইলফলক অর্জিত হয়েছে। দেশটির ‘সমুদ্র মন্থন মিশন’-এর অধীনে আন্দামান সাগরের তলদেশে একটি বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এই আবিষ্কারের ঘোষণা দিয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অস্থিরতার সময়ে এটি ভারতের বিদেশি নির্ভরতা কমাতে বিশেষ ভূমিকা রাখবে।
সরকারি সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) আন্দামানের পূর্ব উপকূল থেকে ১৫ কিলোমিটার দূরে, ৩৫৫ মিটার গভীর সমুদ্রে ‘বিজয়াপুরম-৩’ অনুসন্ধান কূপে এই গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে একই এলাকার ‘বিজয়াপুরম-২’ কূপেও প্রাকৃতিক গ্যাসের খোঁজ মিলেছিল। বর্তমান অভিযানের আওতায় খনন করা তিনটি কূপের মধ্যে দুটিতে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়ায় এই অঞ্চলটিকে এখন গুরুত্বপূর্ণ হাইড্রোকার্বন উৎপাদনকারী হিসেবে দেখা হচ্ছে। এই গ্যাস গৃহস্থালির পিএনজি, যানবাহনের সিএনজি, সার উৎপাদন, পেট্রোকেমিক্যাল এবং হাইড্রোজেন জ্বালানি তৈরিতে ব্যবহার করা সম্ভব হবে।