মদ-মাংসের আড়ালে চলত যৌন লালসা, গ্রেপ্তার ভণ্ড তান্ত্রিক!
মুম্বইয়ের মালাড এলাকায় আধ্যাত্মিক সাধনার নামে প্রতারণার অভিযোগে ঋদম পাঞ্চাল ওরফে ‘মন্টি বাবা’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিণ্ডোশি থানার পুলিশ। জিম ট্রেইনার থেকে ‘গডম্যান’ সেজে বসা এই ব্যক্তি দীর্ঘ চার বছর ধরে ৬০ জনেরও বেশি মানুষকে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের প্রলোভন ও ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে সর্বস্বান্ত করেছেন। আধ্যাত্মিকতার আড়ালে এই প্রতারক সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের পাশাপাশি দামী মদ, সিগারেট এবং জ্যান্ত মুরগি ও খাসির কলজে দাবি করতেন। তাঁর অশুভ আবদার অস্বীকার করলে ভুক্তভোগীদের ওপর পোষা গুন্ডাদের মাধ্যমে অত্যাচার চালানো হতো।
ভুক্তভোগীদের অভিযোগ এবং প্রাক্তন কর্পোরেটর ও আইনজীবী সিদ্ধার্থ শর্মার হস্তক্ষেপে এই চক্রের পর্দাফাঁস হয়েছে। তদন্তে জানা গেছে, অঘোরী তান্ত্রিকের বেশে মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে দেবী ভর করার অভিনয় করে মন্টি বাবা মূলত মানুষকে বশ করতেন। তাঁর কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই বলে পুলিশ নিশ্চিত করেছে। বর্তমানে মহারাষ্ট্রের কুসংস্কার বিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে এ ধরনের ভণ্ডদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।