বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে চরম হুঁশিয়ারি, ভারত কি বড় পদক্ষেপ নিতে চলেছে?
শুক্রবার কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের দুটি পৃথক চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ। ঝালাঙ্গী এলাকা থেকে নারী ও শিশুসহ ১০ জন বাংলাদেশিকে একটি গাড়িতে করে সীমান্ত এলাকায় নিয়ে আসে বাংলাদেশের বিজিবি-র ৬১ নম্বর ব্যাটালিয়ন। কিন্তু বৈধ নথি না থাকায় বিএসএফের ৯৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের ভারতে প্রবেশ করতে বাধা দেন। বর্তমানে ওই ব্যক্তিরা মেখলিগঞ্জের ১৩৪ নম্বর সীমান্ত পিলারের কাছে জিরো পয়েন্টে অবস্থান করছেন।
এই ঘটনার প্রেক্ষাপটে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যান বিজেপি বিধায়ক দধিরাম রায়। মহানদী সীমান্ত চৌকির কাছে অনুপ্রবেশের প্রচেষ্টার বিষয়ে তিনি জানান, বিএসএফ ও পুলিশের কড়া নজরদারির কারণে কোনো অনুপ্রবেশকারীকে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া বাংলাদেশ সরকার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকার করলে কী করণীয়, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।