৫০০ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল বুলডোজার, উত্তাল এলাকা!
উত্তরপ্রদেশের সম্ভল জেলায় সরকারি জমি দখলের অভিযোগে শনিবার এক বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। বিশাল পুলিশ বাহিনী ও রাজস্ব দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ঐতিহ্যবাহী মুস্তফা কাদরি মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
প্রশাসনের দাবি, ১২০ বর্গমিটারের ওই জমিটি সরকারি সম্পত্তি এবং প্রয়োজনীয় নথি ছাড়াই সেটিকে অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি হিসেবে নথিবদ্ধ করা হয়েছিল। এই জালিয়াতির অভিযোগে মসজিদ কমিটির সাত সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশ রাজস্ব আইনের ৬৭ ধারা অনুযায়ী, তহসিলদার ও জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের নির্দেশের ওপর ভিত্তি করেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে, মসজিদ কমিটির দাবি, এটি কোনো অবৈধ নির্মাণ নয়, বরং অন্তত ৫০০-৬০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপত্য। প্রশাসনের আনা জমি দখলের সমস্ত অভিযোগ অস্বীকার করে তারা এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছে।