ক্ষমতা হারাতই ক্ষুব্ধ জনতার রোষ, মদন মিত্রের গাড়িতে চলল ডিম-বৃষ্টি!
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হারানোর পর থেকে রাজ্যজুড়ে শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তীব্র জনবিক্ষোভ বাড়ছে। এই ধারাবাহিকতায় শনিবার রাতে কামারহাটির আড়িয়াদহ এলাকায় বিধায়ক মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ডিম ছোড়া হয়। উত্তপ্ত পরিস্থিতির মুখে দ্রুত এলাকা ছাড়তে বাধ্য হন বিধায়ক। এ ঘটনায় মদন মিত্রের গাড়ির চালককে মারধরের অভিযোগ উঠেছে। তবে বিধায়ক দাবি করেছেন, হামলার সময় তিনি গাড়িতে ছিলেন না এবং এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে এটি এলাকাবাসীর পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কামারহাটির ১৪ নম্বর ওয়ার্ডে টোটো ও অটো চালকরা অবৈধ আর্থিক লেনদেনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা এই রোষের মুখে পড়েছেন। গত সপ্তাহে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা ও ডিম ছোড়ার ঘটনা ঘটে। এছাড়া জয়প্রকাশ মজুমদার ও স্বরূপ বিশ্বাসের মতো নেতাদের গাড়ি লক্ষ্য করেও আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটেছে। লাগাতার এই জনবিক্ষোভ এখন তৃণমূল কংগ্রেসের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।