রবিবারই ধেয়ে আসছে ৬০ কিমি বেগে কালবৈশাখী, দক্ষিণবঙ্গে চূড়ান্ত সতর্কতা!
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতেও একই সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আগামী মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে এই বৃষ্টিপাত সত্ত্বেও আগামী সাত দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তন না হওয়ায় দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।