সিএএ বিক্ষোভে সরকারি সম্পত্তি ধ্বংস, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর!
২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনের সময় রাজ্যজুড়ে সরকারি সম্পত্তি ধ্বংস ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্তকে এই সংক্রান্ত পুরনো সব অভিযোগ নতুন করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের লক্ষ্যে ভবানীপুরে একটি ‘বিশেষ সেল’ গঠন করা হচ্ছে।
সিএএ বিরোধী আন্দোলনের সময় হাওড়া, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া ও বেলডাঙার মতো এলাকায় রেল ও পুলিশের সম্পত্তিতে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছিল। এই মামলাগুলোর তদন্তে রাজ্য পুলিশকে প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে সহায়তা করবে রেল পুলিশ (জিআরপি)। তদন্তে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, তার কাছ থেকেই নষ্ট হওয়া সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ আদায় করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।