ভবিষ্যতের অতিমারী রুখতে এআইয়ের চমক, তৈরি হলো সুপার ভ্যাকসিন!
ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে যেকোনো অতিমারী মোকাবিলায় সক্ষম ‘সুপার ভ্যাকসিন’ তৈরি করেছেন। করোনার মতো মারণ ভাইরাসের আতঙ্ক কাটিয়ে আগামীর প্রস্তুতির অংশ হিসেবে এই আবিষ্কারকে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে। এআই প্রযুক্তির সহায়তায় বিশ্বের যাবতীয় ভাইরাস ও ব্যাকটেরিয়ার জেনেটিক কোড এবং আরএনএ সংক্রান্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা এই বিশেষ ‘সুপার অ্যান্টিজেন’ উদ্ভাবন করেছেন।
এই শক্তিশালী টিকাটি যেকোনো ভাইরাসকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম এবং ভাইরাস তার রূপ বা চরিত্র পরিবর্তন করলেও এটি কার্যকর থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা অনুযায়ী ‘ডিজিজ এক্স’-এর মতো অজানা ভাইরাসের হুমকির মুখে এই টিকা মানবসভ্যতার জন্য জীবনদায়ী কবচ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন গবেষক দলের ডিরেক্টর অধ্যাপক অ্যান্ডি পোলার্ড। প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের শরীরে এই টিকা প্রয়োগের পর শক্তিশালী অ্যান্টিবডি তৈরির প্রমাণও মিলেছে।