কোটি টাকার সম্পত্তির লোভে অধ্যাপিকাকে খুন, বর্ধমান থেকে গ্রেফতার ভাড়াটিয়া দম্পতি!
দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজী কলেজের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের খুনের ঘটনার কিনারা করেছে পুলিশ। পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধারের তিন দিনের মাথায় পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় বর্ধমান থেকে অভিযুক্ত ভাড়াটিয়া দম্পতি রামপ্রসাদ দাস ও বনশ্রী দাসকে গ্রেফতার করা হয়েছে। খুনের সময় সঙ্গে থাকায় দম্পতির নাবালক সন্তানকেও আটক করা হয়েছে। বর্তমানে ধৃতদের স্থানীয় আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
তদন্তে জানা গেছে, বর্ধমান শহরের বাদামতলা এলাকায় দেবস্মিতার পৈতৃক সম্পত্তির দখল নেওয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ওই দম্পতি দীর্ঘদিনের ভাড়াটিয়া হিসেবে সম্পত্তিটি জবরদখল করার চেষ্টা করছিলেন এবং বাড়ি খালি করার জন্য দেবস্মিতার চাপের মুখে ছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখেছে, গত বুধবার অত্যন্ত সুকৌশলে ওই দম্পতি মাস্ক পরিহিত অবস্থায় সিঁড়ি দিয়ে অ্যাপার্টমেন্টের ছয় তলায় পৌঁছান। দেবস্মিতা পূর্বপরিচিত হওয়ায় নিজেই দরজা খুলে দিলে অভিযুক্তরা তাঁকে খুন করেন এবং মাত্র ৩০ মিনিটের মধ্যে পোশাক বদলে এলাকা ছেড়ে পালিয়ে যান। ক্যাবচালকের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়।