অ্যান্টার্কটিকায় বন্দি পৃথিবীর ৭০ শতাংশ মিষ্টি জল, তবু কেন বাড়ছে সংকট?
পৃথিবীর মোট জলভাণ্ডারের সিংহভাগ লবণাক্ত হলেও পানের উপযোগী মিষ্টি জলের পরিমাণ অত্যন্ত সীমিত। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বিশ্বের মোট মিষ্টি জলের প্রায় ৭০ শতাংশই আন্টার্কটিকার বরফের চাদর ও বিভিন্ন হিমবাহে জমে রয়েছে। ভৌগোলিক দূরত্ব, চরম প্রতিকূল আবহাওয়া এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সুদূর আন্টার্কটিকায় বন্দি এই বিপুল প্রাকৃতিক সম্পদ মানুষের সরাসরি ব্যবহারের উপযোগী নয়।
পৃথিবীর মিষ্টি জলের প্রায় ৩০ শতাংশ ভূগর্ভস্থ স্তরে থাকলেও তা উত্তোলনের ব্যয় অত্যধিক। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ও মার্কিন পরিবেশরক্ষা সংস্থার মতে, ভূপৃষ্ঠের মাত্র এক শতাংশেরও কম মিষ্টি জল মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য সহজলভ্য। এই অতি সামান্য জল আবার বিশ্বের সমস্ত দেশে সমানভাবে বণ্টিত নয়; বরং ব্রাজিল, রাশিয়া ও কানাডার মতো অল্প কিছু দেশের মধ্যে এটি কেন্দ্রীভূত। একদিকে আন্টার্কটিকায় বিশাল জলভান্ডার অব্যবহৃত পড়ে থাকা এবং অন্যদিকে বিশ্বের বড় অংশে সুপেয় জলের তীব্র সংকট—এই প্রাকৃতিক ও ভৌগোলিক বৈষম্যই বর্তমান পৃথিবীর অন্যতম প্রধান বাস্তবতা।