মমতা-অভিষেকের বিরুদ্ধে অনাস্থা! ১৫-১৬ জন সাংসদ নিয়ে বড় ভাঙনের মুখে তৃণমূল, কারা ছাড়ছেন দল?
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ওপর অনাস্থা জানিয়ে দল ছাড়ার প্রক্রিয়ায় রয়েছেন ১৬ জন সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থেকে এই বড়সড় ভাঙন ধরতে চলেছে দলটিতে। সূত্র অনুযায়ী, বিধায়ক বা সাংসদদের একটি বড় অংশ বিজেপির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং সোমবারই তাঁদের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। দলত্যাগ বিরোধী আইনের আইনি জটিলতা কাটিয়ে তাঁদের পদ্ম শিবিরে ভেড়ানোর তোড়জোড় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
তালিকায় থাকা উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, জুন মালিয়া, পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী, দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, বাপি হালদার, জগদীশ বাসুনিয়া, কালীপদ সোরেন, ইউসুফ পাঠান ও শর্মিলা সরকার। একই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় এবং শত্রুঘ্ন সিনহার নামও এই তালিকায় উঠে এসেছে। অন্যদিকে, মুর্শিদাবাদের দুই সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান সরাসরি বিজেপিতে না গেলেও মমতা-অভিষেকের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানা গেছে। বিধানসভা ভোটের ফলাফল ও শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধেই এই বিদ্রোহের সূচনা হয়েছে বলে খবর পাওয়া গেছে।