পালাবদলের পরেই বড় চমক! ১৭৯ পুলিশ আধিকারিক বদলি হয়ে জেলায় জেলায় তোলপাড়

রাজ্য পুলিশ প্রশাসনে এক বড়সড় রদবদল ঘটানো হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতির পর রাজ্য পুলিশে এটিই প্রথম বড় মাপের প্রশাসনিক বিন্যাস, যেখানে কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারেট, সিআইডি এবং এসটিএফ সহ রাজ্যের বিভিন্ন জেলা ও বিভাগের মোট ১৭৯ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে এটিকে একটি রুটিনমাফিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের নির্দেশনায় যে আধিকারিকদের বদলি করা হয়েছিল, নির্বাচন শেষে প্রশাসনিক গতি ও আইন-শৃঙ্খলার সমন্বয় বজায় রাখার লক্ষ্যেই এই পরিবর্তন কার্যকর করা হলো।

এই রদবদলের ফলে বাঁকুড়া ও মালদা রেঞ্জের আইজিপি পদসহ একাধিক জেলার পুলিশ সুপার পদে নতুন মুখ আনা হয়েছে। বীরভূমের এসপি সূর্যপ্রতাপ যাদবকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রাফিক) এবং পুরুলিয়ার এসপি বৈভব তিওয়ারিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি, জলপাইগুড়ির এসপি অমরনাথ কে-কে নর্থ বেঙ্গল আইবির ডিআইজি এবং ডায়মন্ড হারবারের এসপি ঈশানি পালকে কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমানের এসপি সায়ক দাসকে নর্থ ডিভিশনের ডিসি করা হয়েছে। একইসঙ্গে জলপাইগুড়ি, বারাসাত, ডায়মন্ড হারবার, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বীরভূম, বাঁকুড়া, হাওড়া গ্রামীণ, পুরুলিয়া এবং হুগলি গ্রামীণ জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে এবং বেশ কয়েকজন অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও পদমর্যাদার আধিকারিকদের বদলি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *