সাঁইথিয়া পুরসভায় বড়সড় ভাঙন, ইস্তফা ১৪ তৃণমূল কাউন্সিলরের!
দলীয় কোন্দলের জেরে বীরভূমের সাঁইথিয়া পুরসভায় নজিরবিহীন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত এবং ভাইস চেয়ারম্যান কামাল কাজী হোসেনসহ তৃণমূল কংগ্রেসের ১৪ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে তারা সিউড়ি সদর মহকুমা শাসক সুপ্রতীক সিংহের কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। এর আগে ওই দিন সকালে পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু রায় ব্যক্তিগতভাবে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন।
সংগঠনের অন্দরে দীর্ঘদিনের ক্ষোভ ও নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পদত্যাগপত্র জমা দেওয়ার পর বিদায়ী পুরপ্রধান বিপ্লব দত্ত দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতার কথা উল্লেখ করে বলেন, ‘কোনটা প্রকৃত তৃণমূল কংগ্রেস, সেটাই এখন বুঝতে পারছি না।’ এই গণপদত্যাগের ফলে সাঁইথিয়া পুরসভার প্রশাসনিক কাজকর্ম ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যার ফলে নাগরিক পরিষেবা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে, পুরবোর্ডের আইনি বৈধতা ও শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে জেলা রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।