পুজোর মুখে অথৈ জলে কুমোরটুলি, মাটির অভাবে মাথায় হাত মৃৎশিল্পীদের!
উপযুক্ত মাটির অভাবে কুমোরটুলির মৃৎশিল্পীরা এক তীব্র সংকটের সম্মুখীন হয়েছেন। গত ৩০ দিন ধরে গঙ্গা বা নদী তীরবর্তী বিশেষ মাটির জোগান বন্ধ থাকায় প্রতিমা তৈরির কাজ থমকে রয়েছে। এর ফলে শিল্পীরা যেমন ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তেমনই প্রতিমা তৈরির কাজ ব্যাহত হওয়ায় অনেক বায়না বাতিল হওয়ার উপক্রম হয়েছে। সময়মতো কাজ শেষ করা অনিশ্চিত হয়ে পড়ায় মৃৎশিল্পী সংগঠনগুলো এখন নতুন কোনো বড় অর্ডার নিতেও সাহস পাচ্ছে না।
অতীতে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, আমতলা, ক্যানিং ও উলুবেড়িয়া থেকে জলপথে বা স্থলপথে নিয়মিত মাটি আসত, যা বর্তমানে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় মৃৎশিল্পী সংগঠনের পক্ষ থেকে বাবু পাল জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন, ডায়মন্ড হারবার থানা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে সমস্যার কথা জানিয়ে লিখিত আবেদন ও ই-মেইল করা হয়েছে। বর্তমানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে এবং পুজো মরসুমের আগে কাজ স্বাভাবিক করতে মৃৎশিল্পীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।